স্টাফ রিপোর্টার, ফরিদগঞ্জ :
চাঁদপুর ফরিদগঞ্জের ভাটিয়ালপুর এলাকায় পিকআপ ভ্যান ও মোটারসাইকের ধাক্কায় যুবক আল আমিন মজুমদার (২৮) নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (৯ জুন, ২০২৬) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জে একটি অত্যন্ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুর চৌরাস্তা নামক স্থানে এই ঘটনা ঘটে।
আল আমিন ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের আমিনুল হক মজুমদারের ছেলে। ব্যক্তিগত জীবনে তার ৩ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।
জানা যায়, দুপুর ১২টার দিকে ফরিদগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ মরদেহটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ঘাতক যানটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)।


