ফারাবী খান :
ফরিদগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকাসহ ছয় জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) দিবাগত রাতে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের উটতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৬ হাজার ৬২০ টাকা এবং জুয়া খেলার তাস জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, দেলোয়ার হোসেন (৫২), ইব্রাহিম খলিল (৫০), হেলাল উদ্দিন (৫০), কামাল হোসেন (৩৭), মাসুদ মুন্সি (৫০) এবং আলমগীর হোসেন (৪০)। তারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, উটতলী এলাকায় জুয়ার আসর বসার একটি গোপন সংবাদ পায় পুলিশ। এর ভিত্তিতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় এসআই হুমায়ূন কবির ও এএসআই জুমায়েত জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে ঝটিকা অভিযান চালান। অভিযানকালে জুয়া খেলা অবস্থায় ছয়জনকে হাতেনাতে আটক করা হয়।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জুয়া ও মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।


