শাহরাস্তিতে রাতে চলবে বালুবাহী ট্রাক

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনা রোধ ও যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কসহ উপজেলার প্রধান সড়কে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ এবং বালুবাহী ট্রাক চলাচলের সময় নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের সভাপতিত্বে সভায় প্রশাসন, পুলিশ, ট্রাফিক বিভাগ, রাজনৈতিক ও শ্রমিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সভায় শাহরাস্তি উপজেলা ও চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সাম্প্রতিক দুর্ঘটনা, ভারী ও ছোট যানবাহনের বেপরোয়া চলাচল, যানবাহনের ফিটনেস, ট্রাফিক পুলিশের ভূমিকা এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী দিন থেকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কসহ উপজেলার প্রধান সড়কগুলোতে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বালুবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে। শুধু রাত ৯টা থেকে সকাল ৭টা পর্যন্ত বালুবাহী ট্রাক চলাচল করতে পারবে। সিদ্ধান্ত অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

মঙ্গলবারের সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা জানিয়ে ইউএনও মনিরা খাতুন বলেন, ভবিষ্যতে যাতে এভাবে আর কোনো প্রাণ ঝরে না যায়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে প্রশাসন কাজ করবে।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসন একা কাজ করলে হবে না। পুলিশ, পরিবহন শ্রমিক, মালিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা ও জনভোগান্তি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

সভায় ট্রাফিক আইনের শতভাগ প্রয়োগ নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের টিআই মোহাম্মদ রফিকুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হয়। পাশাপাশি অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা এবং চালকদের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারির ওপর গুরুত্বারোপ করা হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়নে পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করবে। সড়কে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা রোধে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

সভায় শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সম্পাদক মো. ইকবাল হোসেন, শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম, ট্রাফিক ইনচার্জ টিআই মোহাম্মদ রফিকুল ইসলাম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, গণমাধ্যমকর্মী মো. মাসুদ রানা, ফয়েজ আহমেদসহ বিভিন্ন শ্রমিক পক্ষের নেতৃবৃন্দ বক্তব্য দেন।