স্টাফ রিপোর্টার:
চাঁদপুর শহরের কোর্ট স্টেশন ও লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১২ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী পরিচালিত অভিযানে মেসার্স ঢাকা হোটেলকে ১০ হাজার টাকা এবং আব এ জম জম-৭ লঞ্চের ক্যান্টিনের ম্যানেজার মো. নজরুলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বাসি গ্রিল, চাপ ও রান্না করা মাংস কাঁচা মাংসের সঙ্গে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে মেসার্স ঢাকা হোটেলকে জরিমানা করা হয়। অপরদিকে মূল্য তালিকা না থাকা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত পানি ও চিপস বিক্রির অভিযোগে আব এ জম জম-৭ লঞ্চের ক্যান্টিন ম্যানেজারকে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্তরা স্বেচ্ছায় পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।
অভিযানের সময় অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ভোক্তাদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


