যুবদলের কেন্দ্রীয় কমিটিতে মতলবের ৪ জন

সুমন আহমেদ :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে চাঁদপুর মতলবের চার নেতার গুরুত্বপূর্ণ পদে স্থান পাওয়ায় গভীর আনন্দ প্রকাশ করে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক মন্ত্রী পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। একই সঙ্গে এই খবরে পুরো মতলবজুড়ে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে এবং নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে এক শুভেচ্ছা বার্তায় চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে বৃহত্তর মতলবের ৪ জন কৃতি সন্তান গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়ায় জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের আগামী দিনগুলো হোক আরও সাফল্যমণ্ডিত— এই শুভকামনা রইল।” তিনি নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আশরাফুর রহমান বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক পদে নাসিরউদ্দিন সরকার শাওন এবং সহ-ক্রীড়া সম্পাদক পদে মেজবাহউদ্দিন মেজুকে বিশেষভাবে শুভেচ্ছা জানান।
এর আগে, গত বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়। দীর্ঘ দিন রাজপথের আন্দোলন-সংগ্রাম এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবেই এই চার নেতা কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু বলেন, এটি শুধু চার নেতার ব্যক্তিগত অর্জন নয়, বরং সমগ্র মতলববাসীর অর্জন। জিয়াউর রহমান জিয়া, আশরাফুর রহমান বাবু, নাসির উদ্দীন শাওন ও মেজবাহ উদ্দিন মেজু ভাইয়েরা দীর্ঘদিন রাজপথের পরীক্ষিত সৈনিক হিসেবে কাজ করেছেন। কেন্দ্রীয় কমিটিতে তাঁদের মূল্যায়ন হওয়ায় তৃণমূলের নেতাকর্মীরা অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি, তাঁদের নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত হবে।
মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরন বলেন, মতলবের চার কৃতি নেতার কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাঁরা দীর্ঘদিন ধরে দলের জন্য নিরলসভাবে কাজ করে আসছেন। কেন্দ্রীয় নেতৃত্বে তাঁদের অন্তর্ভুক্তি মতলবের রাজনৈতিক কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় পর্যায়ে মতলবের চার নেতার একসঙ্গে গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্তি এ অঞ্চলের রাজনৈতিক প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে জাতীয় রাজনীতিতে মতলবের অবস্থানও আরও সুদৃঢ় হবে।
এদিকে নবনির্বাচিত চার নেতাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে। তানভীর হুদাসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের প্রতি শুভকামনা জানিয়েছেন।