স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের ওয়ারলেস বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে তিনি ঘটনাস্থলে গিয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন। একইসঙ্গে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ভবন, ছাত্রদের আবাসিক কক্ষ এবং শিক্ষাসামগ্রীর ক্ষয়ক্ষতির বিষয়েও খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ব্যবসায়ীরা তাদের ক্ষতির পরিমাণ তুলে ধরে দ্রুত পুনর্বাসন ও সহযোগিতার দাবি জানান। মাদ্রাসা কর্তৃপক্ষও অগ্নিকাণ্ডে শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন।
পরিদর্শন শেষে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ওয়ারলেস বাজারে সংঘটিত এই অগ্নিকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা। এখানে ব্যবসায়ীরা যেমন ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন, তেমনি একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের প্রয়োজনীয় সামগ্রী ও মূল্যবান ধর্মীয় গ্রন্থ পুড়ে যাওয়াও অত্যন্ত বেদনাদায়ক। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো এবং প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেব।
তিনি আরও বলেন, আগুনের প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের চিহ্নিত করতে সুষ্ঠু তদন্ত প্রয়োজন। অপরাধী যেই কোন ছাড় নেই। সে যদি আমার দলেও হয়। প্রকৃত অপরাধীদের তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ২৪ মে রাতে চাঁদপুর শহরের ওয়ারলেস বাজারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মার্কেটের একাধিক দোকান ও সংলগ্ন মাদ্রাসা ভবন ক্ষতিগ্রস্ত হয়। আগুনে মাদ্রাসার আবাসিক ছাত্রদের বেডিংপত্র, পোশাক-পরিচ্ছদ, পবিত্র কোরআন শরীফ, হাদীস শরীফসহ বিভিন্ন ধর্মীয় কিতাবাদি পুড়ে যায়। এতে ব্যবসায়ী ও মাদ্রাসা কর্তৃপক্ষের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।


