শাহরাস্তিতে জামিয়া ইসলামিয়া মডেল মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠিত

শাহরাস্তি প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তিতে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে জামিয়া ইসলামিয়া বশিরউল্লাহ আরিফা খাতুন মডেল মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

গত ১০ জুন বুধবার বাদ আছর মেহের রেলস্টেশন সংলগ্ন মাদ্রাসা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার সেক্রেটারি মোঃ এমরান কবিরের সভাপতিত্বে এবং মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ওমর ফারুকের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজী মোহাম্মদ কবির হোসেন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ দেলোয়ার হোসেন, গাজী ফিরোজ ও মোহাম্মদ সাদ্দাম হোসেন প্রমুখ।

সবক অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগে বাংলা ও ইংরেজি শিক্ষার পাশাপাশি সন্তানদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা অত্যন্ত জরুরি। একজন শিক্ষার্থী কোরআনের হাফেজ হওয়া আল্লাহর বিশেষ রহমত এবং এটি একটি বিশাল অর্জন। একজন প্রকৃত হাফেজই পারে সমাজকে আলোর পথ দেখাতে। বক্তারা আক্ষেপ করে বলেন, বর্তমান যুগে আমরা সবাই বাংলা ও ইংরেজি শিক্ষা নিয়ে বেশি ব্যস্ত থাকি, কিন্তু পরকালের মুক্তির জন্য ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। সন্তান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হলে মৃত্যুর পর মা-বাবার জানাজা পড়াতে পারবে এবং কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে পারবে।

অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসার আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রশংসা করে জানান, প্রতিষ্ঠানটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা সুরক্ষিত এবং অভিজ্ঞ হাফেজদের দ্বারা পরিচালিত হচ্ছে। তারা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডাঃ এবিএম সালাউদ্দিন ও তাঁর পরিবারসহ সকল শিক্ষার্থীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া চান।অনুষ্ঠানে শিক্ষার্থীদের আনুষ্ঠানিক সবক পাঠ করান মেহের রেলস্টেশন রেলওয়ে জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ মনির হোসেন।

সবশেষে শিক্ষার্থীদের সফলতা, দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা শিহাব উদ্দিন । অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।