স্টাফ রিপোর্টার
বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা’ আয়োজন করতে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। তিনটি গ্রুপে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ী ৯ জনের জন্য মোট ১৩ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে। ১৮ অক্টোবর ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃণমূল পর্যায় থেকে কোরআনের হাফেজদের প্রতিভা বিকাশের লক্ষ্যে উপজেলা পর্যায় থেকে এ প্রতিযোগিতা শুরু হবে। উপজেলা পর্যায়ের বিজয়ীরা পরবর্তীতে জেলা পর্যায়ে, জেলা পর্যায়ের বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। ৫০০টি উপজেলা ও ৮টি মহানগরীর ১৫টি জোন অফিসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আবেদনের বয়স ও গ্রুপসমূহ: প্রতিযোগিতাটি মোট ৩টি গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে। গ্রুপগুলো হলো: ‘ক’ গ্রুপ: ১২ বছর অনূর্ধ্ব প্রতিযোগীদের জন্য (তাজবিদসহ ১০ পারা)। ‘খ’ গ্রুপ: ১৫ বছর অনূর্ধ্ব প্রতিযোগীদের জন্য (তাজবিদসহ ২০ পারা)। ‘গ’ গ্রুপ: ১৮ বছর অনূর্ধ্ব প্রতিযোগীদের জন্য (তাজবিদসহ পবিত্র কোরআনের পূর্ণ ৩০ পারা হিফজ)।
পুরস্কারের বিবরণ: জাতীয় পর্যায়ে প্রতিটি গ্রুপে প্রথম স্থান অধিকারী পাবেন ২ লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারী ১ লাখ ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন ১ লাখ টাকা। তিনটি গ্রুপ মিলিয়ে মোট ৯জন বিজয়ীকে এই অর্থ পুরস্কার দেওয়া হবে। এছাড়া বিভাগীয় ও জেলা পর্যায়েও সফল প্রতিযোগীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
নিবন্ধন ও প্রতিযোগিতার সময়সূচি: ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, চলতি নভেম্বর মাসজুড়ে (১-৩০ নভেম্বর) প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধন করা যাবে। এরপর নির্ধারিত সূচি অনুযায়ী বিভিন্ন ধাপে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে: উপজেলা ও জোন পর্যায়: ১ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬। জেলা পর্যায় (৬৪টি জেলা কার্যালয়): ১ থেকে ৩১ জানুয়ারি ২০২৭। বিভাগীয় পর্যায় (৮টি বিভাগীয় কার্যালয়): ১৫ থেকে ৩১ মার্চ ২০২৭। জাতীয় পর্যায় (চূড়ান্ত প্রতিযোগিতা): ১ থেকে ২৮ এপ্রিল ২০২৭।
আবেদন প্রক্রিয়া: প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জন্মনিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের (ঘওউ) ফটোকপি সংযুক্ত করতে হবে। এই আবেদনপত্র ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ে সরাসরি জমা দিতে হবে। উল্লেখ্য, একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে সর্বোচ্চ পাঁচজন প্রতিযোগী অংশ নিতে পারবেন।


