স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার দক্ষিণাঞ্চলের শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চান্দ্রা বাজার নুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।
চান্দ্রা বাজার নুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদীর সভাপতিত্বে এবং অধ্যাপক আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি ও সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ১২নং চান্দ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন মফু, সাধারণ সম্পাদক তালহা ফারুকী সঞ্চয় পাটওয়ারী, মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাহমুদুল হাসান, অধ্যাপক মাওলানা সালাউদ্দিন চাঁদপুরীসহ আমন্ত্রিত অতিথিরা। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীরা আরবি, ইংরেজি ও বাংলা ভাষায় বক্তব্য উপস্থাপন করে।
অনুষ্ঠানের শুরুতে আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন খানের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের মাঝে কিতাব বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এছাড়া বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং প্রাইম মিনিস্টার গোল্ডকাপ টুর্নামেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


