চাঁদপুরে এএসআই নিয়োগের যাচাই শুরু

স্টাফ রির্পোটার:

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে চাঁদপুর জেলায় প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম শনিবার (২৭ জুন) সম্পন্ন হয়েছে।

“সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে সকাল ৮টা থেকে চাঁদপুর পুলিশ লাইন্সে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই কার্যক্রম পরিচালিত হয়।

চাঁদপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)।

পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড অপারেশনস), এপিবিএন হেডকোয়ার্টার্স, ঢাকা সাইফুল্লাহ মো. নাছির এবং অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা আব্দুল করিম।

এছাড়া নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), পার্বত্য রাঙ্গামাটি মো. তারেক সেকান্দার, সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল), ফেনী মো. ইমতিয়াজ আহম্মেদ এবং উপজেলা স্বাস্থ্য অফিস, চাঁদপুরের মেডিকেল অফিসার ডা. বিউটি রানী সরকার। এ সময় চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালন করেন।

পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। তিনি প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং উত্তীর্ণ প্রার্থীদের কোনো দালালচক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার কঠোর নির্দেশনা দেন।

তিনি প্রথম দিনে উত্তীর্ণ সকল প্রার্থীকে অভিনন্দন জানিয়ে পরবর্তী ধাপের পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ এবং নির্ধারিত সময়ে চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকার আহ্বান জানান।