ভূমি আইন সংক্রান্ত বিষয়ে পর্যাপ্ত ধারণা না থাকায় মানুষ হয়রানি হয় :এসিল্যান্ড প্রত্যয় হাশেম

স্টাফ রিপোর্টার

‘ভূমিখাতে চাই স্বচ্ছতা, জবাবদিহিতা, সেবার সহজীকরণ ও জনভোগান্তি হ্রাস’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে ভূমি অফিসের সেবার মানোন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের আয়োজনে এবং সদর উপজেলা ভূমি অফিস ও লক্ষ্মীপুর ইউনিয়ন ভূমি অফিসের সার্বিক সহযোগিতায় লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

সনাক সভাপতি মো. আলমগীর পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম।
প্রধান অতিথির বক্তব্যে প্রত্যয় হাশেম বলেন, জনসাধারণের ভূমি-সংক্রান্ত সব ধরনের সমস্যা সমাধানে চেষ্টা চলছে। এ জন্য নাগরিকদের নিজেদের সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাতে হবে। ভূমিসেবা গ্রহণের ক্ষেত্রে সঠিক তথ্য জেনে কাজ করার পাশাপাশি প্রয়োজনে অফিসের বিভিন্ন পর্যায়ে তথ্য যাচাই করার পরামর্শ দেন তিনি। ভূমি অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অসততার অভিযোগ থাকলে তাকে জানানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, ভূমি আইন ও ভূমি-সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের পর্যাপ্ত ধারণা না থাকায় অনেককে হয়রানির শিকার হতে হয়। এ সুযোগে কিছু অসাধু ব্যক্তি সাধারণ মানুষকে জিম্মি করে হয়রানি করে। তাই দালালের মাধ্যমে ভূমিসেবা নিতে গিয়ে প্রতারিত না হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় তিনি ভূমি অফিসের বিভিন্ন সেবা সম্পর্কে উপস্থিত নাগরিকদের অবহিত করেন এবং তাঁদের উত্থাপিত লিখিত ও মৌখিক প্রশ্নের উত্তর দেন।

সভাপতির বক্তব্যে মো. আলমগীর পাটওয়ারী বলেন, ভূমি বিষয়ে অজ্ঞতার কারণে মানুষ নানা জটিলতায় পড়েন। নাগরিকেরা সচেতন ও আন্তরিক হলে অনেক সমস্যার সমাধান সম্ভব। সদর উপজেলায় ভূমিসেবায় নিয়োজিত কর্মকর্তারা জনসাধারণকে সেবা প্রদানে আন্তরিকতার পরিচয় দিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, গণশুনানিতে উত্থাপিত সমস্যা ও সুপারিশের বাইরেও কারও কোনো সমস্যা থাকলে সদর উপজেলা ভূমি কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করা যেতে পারে। তবে এ ক্ষেত্রে ভুল, মিথ্যা ও হয়রানিমূলক তথ্য পরিহার করতে হবে। পাশাপাশি সামাজিক সুসম্পর্ক বজায় রেখে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ভূমি-সংক্রান্ত সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিস ও লক্ষ্মীপুর ইউনিয়ন ভূমি অফিসের সেবাসংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করেন সনাকের সাবেক সভাপতি কাজী শাহাদাত। মুক্ত আলোচনায় স্থানীয় নাগরিকেরা তাদের ভূমি-সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সনাকের সহসভাপতি প্রভাষক জেসমিন আক্তার। ভূমিখাতে সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় পর্যায়ে সনাক-টিআইবির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন কাজী শাহাদাত। শুভেচ্ছা বক্তব্য দেন সনাকের ভূমি-বিষয়ক উপকমিটির আহ্বায়ক মো. খোরশেদ আলম পাটওয়ারী ও এসিজি সমন্বয়ক সাইফুল ইসলাম আকাশ।

এ সময় উপস্থিত ছিলেন সনাক সদস্য হাবিবুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা তাছলিমা আক্তার, এসিজি (ভূমি)-এর সহসমন্বয়ক খোদেজা আক্তার, গ্রুপের সদস্য, ইয়েস গ্রুপের সদস্যসহ ইউনিয়নের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।

এ ছাড়া উপজেলা ভূমি অফিসের সেবাসংক্রান্ত বিষয়ে সুশাসন বৃদ্ধি ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে লক্ষ্মীপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।