স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের কচুয়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫৩ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৮৫৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন এ বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, নতুন অর্থবছরের বাজেটে কোনো নতুন কর আরোপ করা হয়নি।
সোমবার (২৭ জুলাই) দুপুরে কচুয়া পৌরসভা হলরুমে আয়োজিত উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল এ বাজেট উপস্থাপন করেন।
ঘোষিত বাজেট অনুযায়ী, মোট সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫৩ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৮৫৬ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে ৮ কোটি ৩৩ লাখ ৬৭ হাজার ৯ টাকা, উন্নয়ন খাতে ৪৪ কোটি ৮৯ লাখ ২৯ হাজার ৮৪৭ টাকা এবং প্রারম্ভিক স্থিতি ২০ লাখ ৩৬ হাজার ৯ টাকা। অন্যদিকে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫১ কোটি ২৩ লাখ ৩১ হাজার টাকা। উন্নয়ন খাতে উদ্বৃত্ত ধরা হয়েছে ১ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ৮৪৭ টাকা। সব মিলিয়ে অর্থবছর শেষে ২০ লাখ ৩৬ হাজার ৯ টাকা উদ্বৃত্ত থাকবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে।
বাজেট ঘোষণাকালে মাহমুদুল হাসান রাসেল বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই পৌরবাসীর সেবার মান উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ সম্প্রসারণ এবং স্ট্রিট লাইট সচল রাখতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, নতুন কর আরোপ ছাড়াই এ উন্মুক্ত বাজেট প্রণয়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই। এ লক্ষ্যে আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপন করে সেখানে বর্জ্য ফেলা শুরু হয়েছে। এর মাধ্যমে পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম (আকাশ), পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, পৌর নির্বাহী প্রকৌশলী মোজাম্মেল হক, চাঁদপুর জেলা বিএনপির ভাইস চেয়ারম্যান ও কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তরিকুল ইসলাম এবং সাংবাদিক আলমগীর তালুকদার, সুজন পোদ্দার ও সায়েম মৃধা।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদুল ইসলাম, উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী আবদুল আলিম লিটন, পৌর উপসহকারী প্রকৌশলী মো. নুরুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবীবুন নবী সুমন, কচুয়া পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাছির আলম (নসু)সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থবছরে কচুয়া পৌরসভার বাজেটের আকার ছিল প্রায় ৪৩ কোটি টাকা। নতুন অর্থবছরের বাজেটে নাগরিক সেবা সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।


