স্টাফ রিপোর্টার
চাঁদপুর মহাশ্মশানে মৃতদেহের অন্তিমযাত্রায় হরিনাম সংকীর্তনের আয়োজনের লক্ষ্যে ‘শিব শক্তি সম্প্রদায়’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শ্রীশ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা ও ধর্মীয় সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ হয়।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিব শক্তি সম্প্রদায়ের সভাপতি মাস্টার খোকন দাস। সংগঠনের সদস্য অসীম দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়।
তিনি বলেন, আজকের আয়োজন সবাই উপভোগ করবেন। শিব শক্তি সম্প্রদায় কারও কাছ থেকে কিছু পাওয়ার উদ্দেশ্যে গঠিত হয়নি। সংগঠনটিকে শ্মশান কমিটির সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহসভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যসচিব মানিক লাল ঘোষ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা ও সহসভাপতি ডা. পীযূষ সাহা।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সরকার। পরে মাস্টার খোকন দাসের পরিচালনায় ধর্মীয় সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়।


