স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের মতলব এলাকায় যাত্রীবাহী জৈনপুর পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বাগানে ঢুকে পড়লেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় বাসে থাকা ১৪ জন যাত্রী প্রাণে রক্ষা পেলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার (১ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে বাবুরহাট-গৌরীপুর-পেন্নাই সড়কের বরদিয়া সরকার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো-ব-১১-৪০২৩ নম্বরের জৈনপুর পরিবহনের বাসটি বাবুরহাট থেকে ১৪ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাবুরহাট থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে বরদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি সড়কের পাশের পুকুরপাড়ের বাগানে ঢুকে একটি গাছের সঙ্গে হেলে থেমে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মই ব্যবহার করে বাসের ভেতরে আটকে থাকা যাত্রীদের নিরাপদে উদ্ধার করেন। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এ সড়কে চলাচলকারী কয়েকটি যাত্রীবাহী বাস দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে চলাচল করছে। এর আগেও একই ধরনের অসতর্ক চালনার কারণে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা গণপরিবহনের ফিটনেস পরীক্ষা জোরদার, চালকদের দক্ষতা যাচাই এবং বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত তদারকি নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।


