স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে পুকুরেডুবে আব্দুল্লাহ নামে দেড় বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ৩টার দিকে ইউনিয়নের সুগন্ধি গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুল্লাহ ওই বাড়ির সাব্বির খানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে শিশু আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে উঠানে চলে যায়। এ সময় তার প্রবাসফেরত চাচা সুমন খান নামাজ আদায় করছিলেন। পরিবারের অন্য সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে শিশুটির চাচি বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে চিৎকার করে পরিবারের অন্য সদস্যদের ডেকে শিশুটিকে পানি থেকে উদ্ধার করা হয়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


