পাইকপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নে এলজিইডির ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃষকদের চলাচলের সুবিধার্থে খালপাড় সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেছেন সংসদ সদস্য এম. এ. হান্নান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের প্রেমের ব্রিজ সংলগ্ন এলাকায় উপজেলা পরিষদের আয়োজনে বনজ ও ফলজ গাছের চারা রোপণ এবং পাইকপাড়া-জয়শ্রী খালপাড় সড়ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম. এ. হান্নান বলেন, নির্বাচিত হওয়ার আগেও তিনি ফরিদগঞ্জের উন্নয়নে কাজ করেছেন এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জেও এ কার্যক্রম শুরু হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিশুদ্ধ অক্সিজেন নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে। খাল খননের পাশাপাশি কৃষকদের যাতায়াত সহজ করতে খালপাড়ে সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের বিশ্রামের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষকদের কল্যাণে ভবিষ্যতেও প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

উপজেলা প্রকৌশলী মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরেঙ্গ জেব, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খশরু মোল্লা, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ফারভেজ, পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ পাটওয়ারী, অ্যাডভোকেট আমিনুল ইসলাম ফরহাদ পাটওয়ারী, উপজেলা যুবদল নেতা আবুল বাশার হোসেন, রাশেদুল কবির বাবু, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওহিদ পাটওয়ারী, যুবদল নেতা মো. কালু, ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম পাখি, মো. রানা, আব্দুর রহমান, তসলিম জমাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।