হাজীগঞ্জে চাঁদাবাজি দখলদারি চলবে না —ইঞ্জিঃ মুমিনুল হক

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর -৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১৫-১৬ বছরে হাজীগঞ্জে অনেক চাঁদাবাজি দখলদারিত্ব হয়েছে। এখনো কিছু দখলদার মাথা ছাড়া দিয়ে উঠেছে। জনগণকে সাথে নিয়ে এদেরকে কঠোর ভাবে প্রতিহত করা হবে। হাজীগঞ্জে কোন দখলদারের জায়গা হবে না।

হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে হাজীগঞ্জ বাজারে এসে র‌্যালিতে যোগ দেন। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালিটি হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে হাজীগঞ্জ বাজারের আজার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক আদর্শ ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।