সাংস্কৃতিক কর্মকাণ্ডে জেলা পরিষদের সকল সহযোগিতা থাকবে —জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা

স্টাফ রিপোর্টার:

নজরুল বর্ষ উপলক্ষে ১০ দিনব্যাপী চাঁদপুর থিয়েটার ফোরামের আয়োজনে নাট্যোৎসবের নবম দিন সংগীতানুষ্ঠান, শুভেচ্ছা পর্ব ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অতিবাহিত হয়েছে। এদিন প্রথমবারের মতো চাঁদপুর শহরে একক অভিনয়ের নাটক মঞ্চস্থ হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহ্বায়ক শরীফ চৌধুরীর সভাপতিত্বে এবং থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় শুভেচ্ছা পর্বের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদার।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ কবির হোসেন সরদার বলেন, দেশের ৬৪ জেলায় শিল্পকলা একাডেমি রয়েছে। একইভাবে প্রতিটি শিল্পকলা একাডেমিতে নিয়মিত নাটক মঞ্চস্থ করা হলে সমাজে অন্যায় ও অপরাধ কমে আসবে। সাংস্কৃতিক অঙ্গনে যাদের অবদান রয়েছে, তাদের মাধ্যমেই এ অঙ্গনকে এগিয়ে নিতে হবে। গত পরশুদিন আমি ‘বৌমা’ নাটক দেখেছি। নাটকটি আমার খুব ভালো লেগেছে। চাঁদপুর থিয়েটার ফোরামের সকল কর্মকাণ্ডে জেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি জসীম উদ্দিন খান বাবুল। সম্মানিত অতিথির বক্তব্য দেন নারী উদ্যোক্তা তানিয়া ইসতিয়াক খান। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ শরীফ উদ্দীন পলাশ। এ ছাড়া বক্তব্য দেন ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।

এর আগে বিকেলে চাঁদপুর নৃত্যাঙ্গনের শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। রুমা সরকারের নৃত্য পরিচালনায় এতে অংশ নেন রাত্রি কর্মকার, চৈতি, নিহা, অহনা, অর্পা, মেঘা, শ্রেয়সী, অথৈ, তানু, মামুসহ আরও অনেকে।

সবশেষে সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজ নাট্য মঞ্চের পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক ‘মহুয়া’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন হৃদিকা বিশ্বাস রিয়া, আফসানা পাটোয়ারী, স্বাধীন দত্ত, সিয়াম খান, বিশ্বজিৎ দেবনাথ, মরিয়ম মাহি, পিপল দাস, তানজিল আহমেদ, কামরুজ্জামান শিশির, রিয়া, ঐশি, সূচনা, মাখুন্ন, মিমি, বৃষ্টি, মিতু, সিগ্ধা, মুগ্ধ, সঞ্জয়, আসিফুল ইসলামসহ আরও অনেকে।