স্টাফ রিপোর্টার:
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. ছৈয়দ হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে সেলিম মিঞা (৩৭) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট রাত ১১.১০ মিনিটে মতলব উত্তর উপজেলার দক্ষিণ সরদারকান্দি গ্রামের রায়হান (২২) নামে এক রোগীকে শ্বাসকষ্ট ও অস্থিরতাজনিত সমস্যার কারণে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সাজিয়া আফরিন ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. ছৈয়দ হোসেন প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং উন্নত চিকিৎসার জন্য রোগীকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করেন।
এ সময় জরুরি বিভাগের সরকারি নির্ধারিত এন্ট্রি ফি চাওয়া হলে বিবাদী সেলিম মিঞা চ্যালেঞ্জ করেন এবং দাবি করেন সরকারি চিকিৎসার জন্য কোনো ফি লাগে না। এমনকি সরকারি খরচে সরবরাহকৃত মূল্যের তালিকা দেখানোর পরও তিনি অনভিপ্রেত আচরণ করেন।
অভিযোগ করা হয়, সেলিম মিঞা ঘটনাটির ভিডিও ধারণ করে তার ফেসবুক আইডি ‘ভাইরাল সেলিম’-সহ টিকটক, ইউটিউবে প্রচার করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার চালান।
অভিযুক্ত সেলিম মিঞা জানান, আমি একজন প্রবাসী, আমার কাছ থেকে যখন অতিরিক্ত টাকা চাওয়া হয়েছে তখন আমি প্রতিবাদ করেছি সেই প্রতিবাদের অংশ হিসেবে আমি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


