স্টাফ রিপোর্টার
‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬’ উপলক্ষে চাঁদপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি চাঁদপুরের সহযোগিতায় সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্যরোধে তথ্য অধিকারের ভূমিকা’।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক।
জেলা প্রশাসক বলেন, জনগণ যাতে সহজেই প্রয়োজনীয় তথ্য পেতে পারে, সে জন্য সরকারি ওয়েব পোর্টাল হালনাগাদের কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। তথ্য প্রদানের ক্ষেত্রে কিছু গোপনীয়তা ও আইনগত সীমাবদ্ধতা রয়েছে। তথ্য অধিকার আইনে কোন তথ্য দেওয়া যাবে এবং কোনটি দেওয়া যাবে না, তা নির্ধারণ করা আছে।
তিনি সরকারি দপ্তরের কর্মকর্তাদের তথ্য অধিকার আইন সম্পর্কে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানগুলোর ওয়েব পোর্টালের তথ্য নিয়মিত হালনাগাদ করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মরিয়ম আলিফ ইমরান বলেন, একই তথ্য অনেকেই জানতে চান। তবে জরুরি সেবা দেওয়ার সময় তথ্য পেতে কিছুটা অপেক্ষা করতে হতে পারে। রাষ্ট্র, সমাজ ও দেশের স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হতে পারে—এমন তথ্য প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে। তিনি নিজের দপ্তরের ওয়েব পোর্টালের তথ্যও হালনাগাদ করার উদ্যোগ নেওয়ার কথা জানান।
সভায় সনাক সভাপতি মো. আলমগীর পাটওয়ারী স্বাগত বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সনাকের সাবেক সভাপতি অধ্যক্ষ মো. মোশারফ হোসেন, সহ-সভাপতি অ্যাডভোকেট পলাশ মজুমদার, একাত্তর টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি মো. আল আমিন ও চাঁদপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. সালাউদ্দিন।
চাঁদপুর জেলা ও ৮টি উপজেলার ওয়েব পোর্টাল নিয়ে টিআইবির পরিচালিত স্টাডির তথ্য উপস্থাপন করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. মাসুদ রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তথ্য প্রদান ইউনিটের মো. নাজমুল হুদা।
সভায় সার্বজনীন তথ্য অধিকার, প্রবেশগম্যতা ও জন-অংশগ্রহণ নিশ্চিত করতে তথ্য কমিশন পুনর্গঠন, তথ্য অধিকার আইন যুগোপযোগী করা, সরকারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য প্রকাশ ও ওয়েব পোর্টাল হালনাগাদসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।


