স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত প্রতিশ্রুতি ও অগ্রাধিকার কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাসা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা তথ্য অফিস, চাঁদপুরের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার রহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মহিউদ্দিন চাঁদপুরী।
সমাবেশে বক্তারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, কৃষিঋণ মওকুফ, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদক নির্মূল, হাম ও ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, গুজব ও অপতথ্য প্রতিরোধ এবং সামাজিক অবক্ষয় রোধে করণীয় বিষয়ে আলোচনা করেন।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের সদ্ব্যবহার, মানবিক মূল্যবোধ, পরিবেশ সংরক্ষণ, অটিজম ও তথ্য অধিকার বিষয়ে উপস্থিত ব্যক্তিদের সচেতন করা হয়। অনুষ্ঠানে নারী ও পুরুষ মিলিয়ে প্রায় ১৫০ জন অংশগ্রহণ করেন।


