মতলবে দুই মাদক কারবারিসহ গ্রেফতার-৩

স্টাফ রিপোর্টার

মতলব দক্ষিণ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ২ জন মাদক কারবারি এবং পরোয়ানাভুক্ত ১ জন আসামিসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানায়, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির মাদকমুক্ত সমাজ গঠনে ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এবং মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের দিক-নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়।

রবিবার (২৫ অক্টোবর) রাতে এসআই (নিরস্ত্র) দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ৪নং নারায়নপুর ইউনিয়নের চর পয়ালী মিরামা এলাকায় অভিযান চালায়। রাত আনুমানিক ৭টা ১০ মিনিটে মিরামা তালুকদার বাড়ির সামনের রাস্তা থেকে ২৫ পিস ইয়াবাসহ রিপন তালুকদার (৩০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি মিরামা গ্রামের সিরাজ তালুকদারের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

একই রাতে অপর এক অভিযানে এসআই (নিরস্ত্র) শুভজিত পাল সঙ্গীয় ফোর্সসহ চর পয়ালী ভূইয়া বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান চালান। রাত ৭টা ২৫ মিনিটে ১৫ গ্রাম গাঁজাসহ মোঃ মনির পাঠান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ৩নং খাদেরগাঁও ইউনিয়নের পুঁটিয়া গ্রামের মোঃ সোবহান পাঠানের ছেলে। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়।

এছাড়া, ২৬ অক্টোবর সকালে এএসআই (নিরস্ত্র) এ কে এম মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সিআর-০৫/২০ মামলার পরোয়ানাভুক্ত আসামি শুভঙ্কর চন্দ্র দাস (৪৬) কে নায়েরগাঁও এলাকা থেকে গ্রেফতার করেন। তিনি নায়েরগাঁও গ্রামের মৃত সুকুমার চন্দ্র দাসের ছেলে।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব হাফিজুর রহমান মানিক জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আজ গ্রেফতারকৃত সকল আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।