স্টাফ রিপোর্টার
চাঁদপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি এবং পচা-বাসি খাবার সংরক্ষণের অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার চাঁদপুর শহরের জিটি রোড, বিপণীবাগ ও লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে মিজি এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, পচা-বাসি খাবার ফ্রিজে সংরক্ষণের অপরাধে মেঘনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। এ সময় মেঘনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সংরক্ষিত পচা-বাসি খাবার ধ্বংস করা হয়।
অভিযানের অংশ হিসেবে এলাকার অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বা পণ্য বিক্রি না করা এবং অবৈধভাবে পণ্য মজুত করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।


