কচুয়ায় ইয়াবাসহ আটক-২

স্টাফ রিপোর্টার

কচুয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ১১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত ২৭ অক্টোবর কচুয়া উপজেলার কড়ইশ-কচুয়া সড়কের দক্ষিণ পাশে ইব্রাহিমের ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন: কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হান্নান সেকান্দারের বাড়ির মো. ইউসুফ (৩৫) এবং ৩ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার মোতালেব মিয়ার ভাড়াটিয়া বাচ্চু মিয়া ওরফে ফজলু (৩৬)।

অভিযানকালে ইউসুফের পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেটে থাকা একটি জিপারযুক্ত পলিথিনের প্যাকেট থেকে ১০০ পিস এবং বাচ্চু মিয়ার প্যান্টের সামনের বাম পকেটে থাকা একই ধরনের প্যাকেট থেকে আরও ১০ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবা কমলা বর্ণের মিথাইল অ্যামফিটামিনযুক্ত বলে জানানো হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. হুমায়ুন কবির ভূঁইয়া বাদী হয়ে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।