চাঁদপুরে এইচএসসির পাসের হার ৪৫.৩৫%, আলিমে ৬৪.২৭%

স্টাফ রিপোর্টার

চাঁদপুর জেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৩৫ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন শিক্ষার্থী। অন্যদিকে আলিম পরীক্ষায় পাসের হার ৬৪ দশমিক ২৭ শতাংশ এবং এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৬৯ দশমিক ৯৬ শতাংশ। গতকাল শনিবার প্রকাশিত জেলা শিক্ষা অফিসের ফলাফল বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় জেলার আট উপজেলায় ৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৩ হাজার ২৭০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ১৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন।

উপজেলাভিত্তিক ফলাফলে এইচএসসিতে চাঁদপুর সদর এগিয়ে রয়েছে। এ উপজেলায় পাসের হার ৫৮ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে হাইমচরে পাসের হার ৩২ দশমিক ৯৩ শতাংশ। মতলব উত্তরে ৩৩ দশমিক ১৯ এবং মতলব দক্ষিণে ৩৫ দশমিক ১৪ শতাংশ। এছাড়া হাজীগঞ্জে ৪৪ দশমিক ৩৪, শাহরাস্তিতে ৪৪ দশমিক ৮৮, ফরিদগঞ্জে ৪৪ দশমিক ৫০ এবং কচুয়ায় ৪০ দশমিক ৩০ শতাংশ পাসের হার রয়েছে।

অন্যদিকে আলিম পরীক্ষায় জেলার ৮৯টি প্রতিষ্ঠানের ২ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৬৫৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন। এ পরীক্ষায় পাসের হার ৬৪ দশমিক ২৭ শতাংশ।

আলিম পরীক্ষায় উপজেলাভিত্তিক ফলাফলে হাজীগঞ্জে সর্বোচ্চ ৮২ দশমিক ০১ শতাংশ পাসের হার অর্জিত হয়েছে। চাঁদপুর সদরে পাসের হার ৭৬ দশমিক ১৪ শতাংশ। এছাড়া হাইমচরে ৭৩ দশমিক ৬৩, কচুয়ায় ৬৪ দশমিক ১৩, ফরিদগঞ্জে ৬১ দশমিক ৯৫, শাহরাস্তিতে ৫৭ দশমিক ৪৬, মতলব দক্ষিণে ৩১ দশমিক ৬২ এবং মতলব উত্তরে ৩৫ দশমিক ২২ শতাংশ পাসের হার রয়েছে।

এদিকে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জেলার ১৩টি প্রতিষ্ঠানের ৯৭২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৬৮০ জন। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। পাসের হার ৬৯ দশমিক ৯৬ শতাংশ।

প্রকাশিত ফলাফল পর্যালোচনায় দেখা যায়, চাঁদপুর জেলায় সাধারণ এইচএসসি পরীক্ষার তুলনায় আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার বেশি। বিশেষ করে সাধারণ এইচএসসিতে উপজেলাভেদে ফলাফলে উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে। শিক্ষার মানোন্নয়নে পিছিয়ে থাকা উপজেলাগুলোর ফলাফল পর্যালোচনা এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়টি সামনে এসেছে।