১৩ নভেম্বর শুরু হচ্ছে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী ১৩ নভেম্বর (শুক্রবার) থেকে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বিষয়টি নিশ্চিত করেছে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা। নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা এবং শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা।

৮ দলের অংশগ্রহণে প্রথম রাউন্ডে ১৪ নভেম্বর মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা বনাম হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। ১৫ নভেম্বর ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা বনাম কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থা। ১৬ নভেম্বর চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা বনাম হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার খেলা অনুষ্ঠিত হবে।

সেমিফাইনাল খেলায় ১নং খেলার বিজয়ী দল বনাম ৩নং খেলার বিজয়ী দল। ১৮ই নভেম্বর এবং ২নং খেলার বিজয়ী দল বনাম ৪নং খেলার বিজয়ী দল ১৯ই নভেম্বর খেলা অনুষ্ঠিত।

প্রথম সেমিফাইনাল এবং দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল দুটির মধ্যে আগামী ২১ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সফলভাবে সম্পন্ন করতে জেলা ক্রীড়া সংস্থা সকল প্রস্তুতি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে। এ বিষয়ে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশের পর স্থানীয় ফুটবল প্রেমীদের মাঝে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।