স্টাফ রিপোর্টার
চাঁদপুরের ক্রীড়াঙ্গনের জন্য এক অনন্য ও গৌরবময় সুখবর এসেছে। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চাঁদপুরের ক্রীড়া সংগঠক, চাঁদপুর বাস্কেটবল একাডেমির সাধারণ সম্পাদক ও সামাজিক সংগঠন‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশ।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ক্রীড়া অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের এই নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রবীণ ক্রীড়া সংগঠক মো. রায়হান সিদ্দিকী প্রবাল।
অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশের এই মূল্যায়নে চাঁদপুর বাস্কেটবল একাডেমির পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। বার্তায় জানানো হয়, দীর্ঘদিনের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে দেশের বাস্কেটবলের উন্নয়ন ও প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তারা দৃঢ়ভাবে আশাবাদী। একই সঙ্গে চাঁদপুরের একজন ক্রীড়া সংগঠককে জাতীয় পর্যায়ে মূল্যায়ন করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশের নতুন এই দায়িত্ব প্রাপ্তিকে ঘিরে চাঁদপুর বাস্কেটবল একাডেমির খেলোয়াড়, কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারা তার ভবিষ্যৎ পথচলা, সুস্বাস্থ্য এবং আগামী দিনের সাংগঠনিক কর্মকাণ্ডের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন।


