হাজীগঞ্জে মাদক-চুরি প্রতিরোধে এমপির কঠোর পদক্ষেপ

স্টাফ রিপোর্টার

হাজীগঞ্জ আইন শৃঙ্খলা সভায় মাদক ও চুরি রোধে ব্যাপক আলোচনা হয়েছে। এবং একাধিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে বৃহস্পতিবার (৫ নভেম্বর) আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মুমিনুল হক।

তিনি প্রথমে মাদক ও চুরি বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছ থেকে জানেন। এবং মাদক ও চুরি রোধে তাদের প্রস্তাব গ্রহণ করেন। এরপর মাদকরোধে প্রস্তাব তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কাওসার আলম ভূঁইয়া , উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান টুটুল, সাধারণ সম্পাদক মেহেদি হাছান পাপ্পু ও কোষাধ্যক্ষ মোহাম্মাদ হাবিবউল্লাহ। সকলের প্রস্তাব ও মতামতের ভিত্তিতে বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত ও কর্মসূচি ঘোষণা করেন ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক এমপি।

সিদ্ধান্ত ও কর্মসূচির মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে মাধক বিরোধী র‌্যালি ও সমাবেশ, পরিবারে ও সমাজে গণসচেতনতা বৃদ্ধি, থানা পুলিশকে সঠিক ও গ্রহণযোগ্য তথ্য প্রদান আটককৃত মাদক কারবারি ও সেবনকারীদের ছবিসহ পিন্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন পেইজে ঢালাওভাবে প্রচার। এছাড়া চুরিরোধে ইউনিয়ন পর্যায়ে ভাংগাড়ি ব্যবসার দোকান বন্ধ ও ট্রেড লাইসেন্স বাতিল রাতে পুলিশে টহল বৃদ্ধি ও গ্রামাঞ্চলে রাত ৯টার পর সকল দোকানপাট বন্ধের সিদ্ধান্ত হয়।

উল্লেখ, বর্তমান সরকারের জাতীয় সংসদে প্রথম অধিবেশনে মাদক প্রতিরোধ আইন সর্বোচ্চ সাজার বিধান করার জন্য ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক এমপি প্রস্তাব করেন। এবং প্রস্তাবটি গ্রহণ করে আইন করা হয়। যা অচিরেই প্রয়োগ শুরু হবে।