মতলবে হারপিক পানে ৩ সন্তানের জননীর মৃত্যু

স্টাফ রিপোর্টার

মতলব দক্ষিণ উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে হারপিক পান করার পর নাসরিন বেগম (৩০) নামে তিন সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার তুসপুরের কেমাই গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, নাসরিন বেগম ওই গ্রামের সাইফুল খানের স্ত্রী। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। এর আগেও স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে নাসরিন নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

ঘটনার দিন রাতে স্বামী সাইফুল খানের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে নাসরিন তার বাবার বাড়ির (প্রধানিয়া বাড়ি) ওয়াশরুমে ব্যবহৃত হারপিক পান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নাসরিন বেগম তিন পুত্রসন্তানের জননী ছিলেন।