স্টাফ রিপোর্টার, হাজীগঞ্জ, চাঁদপুর:
চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রীসহ তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো দুইজন। মঙ্গলবার বিকেল ৩ টায় চাঁদপুরের হাজীগঞ্জে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে গোগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাজীগঞ্জ উপজেলার গোগরা গ্রামের বাহরাইন প্রবাসী মোজাম্মেল হোসেন (৪৫) ও তার স্ত্রী পিংকি আক্তার (৩০)। অপর একজন মোঃ সবুজ হোসেন (২৫)। এরমধ্যে সবুজ হোসেন ঘটনাস্থলে ও অন্য দুজন হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
একই ঘটনায় সিএনজি চালিত স্কুটারের ৪ যাত্রীকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। আহত সবার অবস্থা আশঙ্কাজনক। এ সংবাদ লিখা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। নিহত সবুজ উপজেলার বাকিলা ইউনিয়নের গোগরা হাওলাদার বাড়ির রফিকের ছেলে।
স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে কুমিল্লা ঠ ১১- ০৩২৭ ট্রাকটি বালু নিয়ে হাজীগঞ্জে যাওয়ার পথে ঘটনাস্থল অতিক্রমকালে সিএনজি চালিত স্কুটার চাঁদপুর ঠ ১১-৬৭০৪ এর মুখোমুখি সংঘষ্যে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শরীফ হোসেন জানান, জোরে একটি শব্দ শুনে দৌড়ে এসে দেখি এক মর্মান্তিক ঘটনা। সড়কের উপরে একজন মরে পড়ে আছে, বাকীরা কাতরাচ্ছে। এ সময় অন্যরা আসার পরে এক নারীসহ ৪ জন উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেই। এর মধ্যে একজনের মুখ থেতলিয়ে গেছে আর এক নারীর হাড় ভেঙ্গে শরীর পুরো গোল হয়ে গেছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, খবর পেয়েই লোক পাঠানো হয়েছে। গাড়িগুলো জব্দ করা হয়েছে।


