হাজিগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) এ কে এম ইউনুছ সঙ্গীয় ফোর্স নিয়ে অবৈধ মাদক উদ্ধার এবং গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় উপজেলার গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তারালিয়া এলাকা থেকে মো. নুরুল আমিন ওরফে নুরু (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নুরুল আমিন তারালিয়া পশ্চিমপাড়া (নন্দী বাড়ি) এলাকার বাসিন্দা। তিনি আব্দুর রশিদ ও রাশিদা বেগমের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারের পর তার দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় এসআই এ কে এম ইউনুছ বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-০৪, তারিখ ৩ জুন ২০২৬। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।


