ফরিদগঞ্জে ৪শ পিস ইয়াবা ও ৭শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার-১

স্টাফ রিপোর্টার

চাঁদপুরের ফরিদগঞ্জে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ মো. শামীম হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গত ২৮ অক্টোবর উপজেলার ২ নম্বর বালিথুবা ইউনিয়নের সানকিসাইর (শহিদ সৈয়দ নগর) এলাকার উকিল বাড়িতে এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে শামীম হোসেনের দখলে থাকা ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর দেখানো স্থান থেকে একটি সিনথেটিক ব্যাগের ভেতরে থাকা দুটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই ব্যাগ থেকে পলিপ্যাকে মোড়ানো ৭০০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়।

এ ঘটনায় চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. সোহেল রানা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ১৯(ক) অনুযায়ী ফরিদগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করেছেন।