স্টাফ রিপোর্টার
নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদী উৎসব প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ আয়োজন করা হয়। মেহেদী উৎসব প্রতিযোগিতায় ৩টি বিভাগে প্রায় শতাধিক নারী অংশগ্রহণ করেন।
বিকেলে প্রধান অতিথি হিসেবে উৎসবের শুভ উদ্বোধন করেন চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আলমগীর হোসেন বাহার।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম সরকারের সভাপতিত্বে এবং সাংবাদিক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শরীফ চৌধুরী, লেখক মহসিন চালী, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন। সন্ধ্যায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেদী উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট মো. নুরুল হক কমল। এসময় বিশেষ অতিথি ছিলেন হাজী মনজুর আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. রতন বেপারী সেলিম।
আলোচনা সভার শেষে মেহেদী উৎসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করীদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও চাঁদপুরে সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া, শিক্ষকতাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বেশ কয়েকজনকে সংবর্ধনা প্রদান করা হয়।
বক্তারা বলেন, দীর্ঘ ৩৬ বছরের পথচলায় নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন চাঁদপুরের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রেখে চলেছে। সংগঠনটি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নতুন প্রজন্মকে সামাজিক অপরাধ থেকে বিরত রাখছে। এই সংগঠনটির সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম একটি বৃহৎ অংশ হলো মেহেদী উৎসব প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় চাঁদপুরের বিভিন্ন বয়সের নারীরা উৎসবের সাথে অংশগ্রহণ করে। আমরা এই সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।


