স্টাফ রির্পেোটার:
শিক্ষার্থীদের নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে ক্লিন চাঁদপুরের উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টায় ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশের নেতৃত্বে সংগঠনের সদস্যরা বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালনা করেন।
ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, শহরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, তা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় কিংবা কলেজ যাই হোক না কেন, বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপনের চেষ্টা করছি। ইতোমধ্যে ১০ থেকে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পানির ফিল্টার স্থাপন করেছি। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে চাঁদপুর সরকারি মহিলা কলেজ ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে আরও শিক্ষা প্রতিষ্ঠানে এ সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় শিক্ষাপ্রতিষ্ঠানে থাকা আমাদের মা-বোনেরা হঠাৎ প্রয়োজনের মুহূর্তে সমস্যার সম্মুখীন হন। সেই বিষয়টি মাথায় রেখেই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকলে শিক্ষার্থীদের প্রতিদিন বাড়ি থেকে পানির বোতল বহন করতে হয় না। এমনিতেই বই-খাতাসহ ভারী ব্যাগ নিয়ে তাদের বিদ্যালয়ে আসতে হয়। অতিরিক্ত পানির বোতল বহন করলে তাদের কষ্ট আরও বেড়ে যায়। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। আমরা চাই শিক্ষার্থীরা সুস্থ ও নিরাপদ পরিবেশে লেখাপড়া করুক, সুন্দর মন নিয়ে বেড়ে উঠুক এবং ভবিষ্যতে একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখুক।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুপেয় পানির সুবিধার কথা বিবেচনা করে ফিল্টারটি স্থাপন করা হয়। ক্লিন চাঁদপুরের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানীয় পানি নিশ্চিত করতে ইতোমধ্যে শহরের ১০ থেকে ১২টি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। পাশাপাশি পর্যায়ক্রমে আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ চলমান রয়েছে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং ক্লিন চাঁদপুরের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


