হাইমচরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পুলিশ হেফাজতে স্বামী

শরীফ মোঃ মাছুম বিল্লাহ

চাঁদপুরের হাইমচর উপজেলায় নুর নাহার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নের ০৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর নাহার নিজ ঘরে গলায় ফাঁস দেন। পরে তার স্বামী মোঃ রনি ভূইয়া তাকে উদ্ধার করে দ্রুত হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক ডাঃ তোফায়েল আহমেদ পরীক্ষা-নিরীক্ষা শেষে নুর নাহারকে মৃত ঘোষণা করেন। তিনি তাৎক্ষণিক বিষয়টি হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসানকে অবগত করেন।

খবর পেয়ে এসআই সোহরাবের নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতালে আসেন। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী রনি ভূইয়াকে হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যায়। আজ বুধবার, ১০ জুন, ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত নুর নাহারের বাবার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার কান্দির হাট এলাকায়। প্রায় ১ বছর আগে হাইমচর উপজেলার উত্তর আলগী ০৬নং ওয়ার্ডে অটো চালক মোঃ খোকন ভূইয়ার বড় ছেলে অটো চালক মোঃ রনি ভূইয়ার সাথে পারিবারিক ভাবে নুর নাহারের বিয়ে হয়। তাদের ঘরে ৭ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

হাইমচর থানা পুলিশ জানিয়েছে, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। আত্মহত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।