স্টাফ রিপোর্টার:
‘নিজের সচেতনতাই পরিবার ও সমাজের সুরক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বুধবার (১০ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা- এস এম এন জামিউল হিকমা বলেন, ডেঙ্গু বর্তমানে একটি জনস্বাস্থ্য সমস্যা। এ রোগ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য সর্বস্তরের মানুষের সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন। আমরা যদি নিজেদের বাড়ি, আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি এবং কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দিই, তাহলে ডেঙ্গুবাহী এডিস মশার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।
তিনি আরও বলেন, ‘নিজের সচেতনতাই পরিবার ও সমাজের সুরক্ষা’—এই প্রতিপাদ্যের মূল বার্তাকে ধারণ করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চাঁদপুর সদর উপজেলাকে ডেঙ্গুমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যমকর্মী এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সচেতনতা ও সম্মিলিত উদ্যোগই পারে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা- ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি- সোহেল রুশদী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তপন রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুব আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মো.মোস্তাফিজুর রহমান, এসআই মো.নূরুল আলমসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


