স্টাফ রির্পেোটার:
শুরু হয়েছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ‘ফিফা বিশ্বকাপ-২০২৬’। এই বিশ্বকাপকে ঘিরে দেশের অন্যান্য এলাকার মতো চাঁদপুরের মতলব উত্তরেও বইতে শুরু করেছে ফুটবল উন্মাদনার হাওয়া। মাঠে খেলা গড়ানোর আগেই উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে ফুটবলপ্রেমীরা এখন ভিড় করছেন জার্সি, পতাকা ও বিভিন্ন সমর্থনসামগ্রী কিনতে।
বিশ্বকাপকে কেন্দ্র করে মতলব উত্তরের বিভিন্ন স্পোর্টস দোকানে এখন চলছে জার্সি বিক্রির ধুম। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও মরক্কোসহ বিভিন্ন দেশের জার্সির চাহিদা বেড়েছে কয়েক গুণ। বিশেষ করে তরুণ-তরুণী, কিশোর-কিশোরী এবং শিশুদের মধ্যে এই উন্মাদনা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
উপজেলার ছেংগারচর বাজার ও নতুন বাজারসহ বিভিন্ন এলাকার স্পোর্টস দোকানগুলো ঘুরে দেখা যায়, সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই আছে। অনেকেই বন্ধুদের সঙ্গে দল বেঁধে এসে নিজেদের পছন্দের দলের জার্সি ও পতাকা কিনছেন। বিশ্বকাপকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যেও দেখা দিয়েছে বাড়তি ব্যস্ততা।
ছেংগারচর বাজারের ‘মতলব স্পোর্টস খেলাঘর’-এর ব্যবসায়ী আব্দুর রহমান মুন্না বলেন, “বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই জার্সির বিক্রি অনেক বেড়ে গেছে। তরুণদের পাশাপাশি শিশুদের মধ্যেও জার্সির চাহিদা বেশি। বিশেষ করে মেসি ও নেইমারের নাম-নম্বরযুক্ত জার্সি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। এরপরই রয়েছে পর্তুগাল, স্পেন ও ফ্রান্স দলের জার্সি।
একই বাজারের ‘নাহার খেলাঘর’-এর স্বত্বাধিকারী শরিফুল ইসলাম বলেন, “বিশ্বকাপ এলেই ফুটবলপ্রেমীদের আগ্রহ কয়েক গুণ বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি, বিক্রি বেশ ভালো।
স্থানীয় ফুটবলপ্রেমীরা জানান, চার বছর পরপর অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ তাদের কাছে শুধুই একটি খেলা নয়, বরং একটি আবেগের নাম। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং দলকে সমর্থন জানাতেই তারা জার্সি ও পতাকা কিনছেন। ইতোমধ্যে অনেক এলাকায় বড় পর্দায় খেলা দেখার আয়োজনসহ বিভিন্ন প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।
ফুটবলপ্রেমীদের এমন উৎসাহ-উদ্দীপনায় বিশ্বকাপের রঙে রঙিন হয়ে উঠেছে মতলব উত্তর। এই ফুটবল উন্মাদনা এখন উপজেলার সর্বত্রই এক অনন্য উৎসবের আবহ তৈরি করেছে।


