শাহরাস্তির উনকিলায় মাদকবিরোধী র‍্যালি

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা রেলওয়ে বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে উনকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উনকিলা উচ্চ বিদ্যালয়ের সমন্বয়ে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে উনকিলা রেলওয়ে বাজার থেকে উনকিলা উচ্চ বিদ্যালয় পর্যন্ত মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামসহ পুলিশের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় ৬০০ থেকে ৭০০ জন অংশগ্রহণ করেন।

কর্মসূচির মাধ্যমে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।