স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৮নং পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।রবিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে স্বপন মাহমুদ বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে তাদের পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব নয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এতে শিক্ষার্থীদের মেধা, মনন ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয় এবং তারা আত্মবিশ্বাসী হিসেবে গড়ে ওঠে।
তিনি বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই তাদের সুশিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জনের সুযোগ করে দিতে হবে। একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
স্বপন মাহমুদ আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন নিয়মিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মো.শফিক কবিরাজ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. আলী হোসেন, ইউনিয়ন বিএনপির বন ও পরিবেশ সম্পাদক মো. শরীফ পাটোয়ারী, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সমাজসেবক ও ব্যবসায়ী মো. রহিম ভূঁইয়া এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. হারুনুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফুল ইসলাম, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহাগ পাটওয়ারী, বিশিষ্ট সমাজসেবক মোঃ রহিম ভুইয়া, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ হারুনুর রশিদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রৌশন আক্তার, প্রতিমা সরকার, রাজিব খান ও সুলতানা রাজিয়া সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার সুধীজন, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জাকির হোসেন মিয়া।


