শাহরাস্তিতে সড়কের পাশে পুকুর খননের অভিযোগে তদন্ত

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় সরকারি সড়কের পাশে পুকুর খননের ফলে গ্রামের চলাচলের পথ ভেঙে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের সূচীপাড়া মৌজায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরকারি সড়কের পাশের পুকুর খননের কারণে গ্রামের চলাচলের পথ ভেঙে যাওয়ায় সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত অভিযোগকারী ও অভিযুক্ত—উভয় পক্ষকে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সতর্ক করে বলা হয়, সমাধান না হলে তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার পাশের কৃষিজমিতে অপরিকল্পিতভাবে পুকুর খননের কারণে সরকারি সড়ক ও চলাচলের পথ ঝুঁকির মুখে পড়েছে। এতে একদিকে কৃষিজমি নষ্ট হচ্ছে, অন্যদিকে সরকারি অর্থ ব্যয়ে নির্মিত সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ভবিষ্যতে যেন রাস্তার পাশে কৃষিজমি কেটে অপরিকল্পিতভাবে পুকুর খননের মাধ্যমে সরকারি সড়কের ক্ষতি করা না হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।