স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযান চলাকালে দেখা যায়, মায়ের দোয়া বেকারি উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে খাদ্যপণ্য তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ করছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে জনসেবা ফার্মেসিকে ৬ হাজার টাকা এবং একই অপরাধে পাঠান ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ফলে তিনটি প্রতিষ্ঠান থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানার অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।
অভিযানের অংশ হিসেবে রামপুর বাজারের আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। একই সঙ্গে ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।


