হাইমচরে চাঁদা না পেয়ে হামলা, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের হাইমচর উপজেলায় চাঁদার টাকা না দেওয়ায় একটি পরিবারের ওপর হামলা চালিয়ে চারজনকে গুরুতর আহত করার অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজ শেষে উপজেলার ভিঙ্গুলিয়া বায়তুন নূর জামে মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ভিঙ্গুলিয়া (গাজী বাড়ি) গ্রামের নাজমুল হোসেন বাবু গাজী (৩০) ও রাফি গাজী (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের নির্দেশনায় এসআই শ্রী সমীর দাস, এসআই সৌরভ দাশসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে।

মামলার অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে নাজমুল হোসেন বাবু গাজী বাদী ফরিদা বেগমের স্বামী মান্নান শেখের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ঘটনার দিন জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে আসামিরা তার পথরোধ করে চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে রামদা, লোহার পাইপ ও ছেনিসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে মান্নান শেখসহ চারজনকে গুরুতর আহত করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হাইমচর থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান জানান, ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।