হাজীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল বাজার ও ধেররা বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যপণ্য উৎপাদনের দায়ে রয়েল বেকারিকে ১০ হাজার টাকা এবং একই অপরাধে মনি ফুডসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই অক্সিজেন সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির দায়ে ভাই ভাই গ্যাস এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।

এ সময় অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং হাজীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন সার্বিক সহযোগিতা প্রদান করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।