স্টাফ রিপোর্টার
মতলব উত্তর থানা পুলিশের অভিযানে আলোচিত ডাকাত সদস্য ও মাদক কারবারি ফিরোজ বাবুকে আটক করা হয়েছে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়ার নেতৃত্বে বৃহস্পতিবার (৫ নভেম্বর) মতলব উত্তর থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব তত্ত্ববধায়নে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এসআই জীবন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল এখলাছপুর ইউনিয়নে অভিযান চালিয়ে এখলাছপুর গ্রামের বেপারী বাড়ির ডাকাতি ও মাদক মামলার আসামি মোঃ ফিরোজ বাবু (৩৬)কে আটক করেছে ।
আটককৃত আসামি মোঃ ফিরোজ বাবু এলাকায় একজন আলোচিত ডাকাত ও মাদক কারবারি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১৯টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে হেরোইন, ইয়াবা ও গাঁজা সংক্রান্ত মাদক মামলা ১৫টি, ডাকাতি মামলা ৩টি (পূর্বের ২টি ও বর্তমান ১টি) এবং অন্যান্য মামলা ১টি।
আটককৃত আসামি ফিরোজ বাবুকে ৫ নভেম্বর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


