ভোক্তা অধিকারের অভিযানে ধরা ৩ প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার

চাঁদপুর শহরের পুরাণবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ফ্রিজে বাসি খাবার বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে মাস্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পুরোনো চালের সঙ্গে তেল মিশিয়ে চকচকে করে বিক্রির অপরাধে মেসার্স সেলিম খান অ্যান্ড সন্সকে ৩ হাজার টাকা এবং মূল্যতালিকা না থাকায় মেসার্স মৌলভী ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এসব জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিশোধ করে। এ সময় পচা ও বাসি খাবার ধ্বংস করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর মালিকরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।

অভিযানের অংশ হিসেবে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি না করা এবং অবৈধ মজুতদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।