মতলব উত্তরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

স্টাফ রির্পোটার:

মতলব উত্তরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এজাহারভুক্ত আসামি ফরহাদ হোসেন (১৮)কে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ। সোমবার (৩ আগস্ট) মতলব উত্তর থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৬ জুলাই দুপুর দেড়টার দিকে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরলক্ষ্মীপুর এলাকায় নাছির মৃধার ইটভাটার শ্রমিকদের থাকার কক্ষে ভুক্তভোগী শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফরহাদ হোসেন চরলক্ষ্মীপুর (মোল্লাবাড়ি) এলাকার আজাদের ছেলে।

মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই রেজাউল করিম ও এসআই মাধব চন্দ্র নাথ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, ঘটনার পরপরই পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। বিশেষ অভিযান পরিচালনা করে মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। শিশু ও নারী নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে মতলব উত্তর থানা পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।