চাঁদপুরে আরিয়ান ফুড প্রোডাক্টসকে জরিমানা

স্টাফ রিপোর্টার :

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক চাঁদপুর বিসিক শিল্প নগরীর বাবুরহাটে অভিযান পরিচালিত হয়েছে। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে অবৈধ প্রক্রিয়া ও অস্বাস্থ্যকর পরিবেশে টমেটো সস (খাবার দ্রব্য) তৈরির অপরাধে আরিয়ান ফুড প্রোডাক্টস কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত আরিয়ান ফুড প্রোডাক্টস পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এছাড়াও অভিযানের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয়।

একই সাথে জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।