বাঘড়া বাজারে মিনি ড্রেজার দিয়ে নদী বালু উত্তোলনের অভিযোগ

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বাঘড়া বাজার এলাকার শাহ সিমেন্ট ঘাট দিয়ে ডাকাতিয়া নদী থেকে মিনি ড্রেজারের মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে নদী থেকে বালু তুলে লিজকৃত একটি ডোবা ভরাট করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে দিনের বেলায় ড্রেজার মেশিন বন্ধ রাখা হলেও রাতের আঁধারে নিয়মিত বালু উত্তোলন করা হচ্ছে। এতে প্রশাসনের নজর এড়িয়ে অবৈধ কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে বলে তাদের অভিযোগ।

তাদের ভাষ্য, বর্তমানে বর্ষা মৌসুম হওয়ায় ডাকাতিয়া নদীতে জোয়ার-ভাটার কারণে পানির প্রবাহ স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় নদীভাঙনের প্রকৃত চিত্র এখন বোঝা যাচ্ছে না। তবে পানি কমতে শুরু করলে বাঘড়া বাজারসহ আশপাশের এলাকায় ভয়াবহ নদীভাঙন দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

স্থানীয়রা আরও বলেন, এভাবে অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলন চলতে থাকলে বাঘড়া বাজার, নদীতীরবর্তী বসতবাড়ি এবং কৃষিজমি মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। তাই দ্রুত অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঘড়া বাজার শাহ সিমেন্ট ঘাটে মিনি ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। তবে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ড্রেজার পরিচালনায় নিয়োজিত শ্রমিকরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে স্থানীয়দের প্রত্যাশা, নদী রক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসন দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে ডাকাতিয়া নদী ও নদীতীরবর্তী জনপদকে রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী।