স্টাফ রিপোর্টার :
হাইমচরে একটি প্রাইভেটকার তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাসেল মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের সার্বিক দিকনির্দেশনায় মাদক ও অপরাধ দমনে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় হাইমচর থানার এসআই (নিঃ) শ্রী সমীর দাস ও এএসআই (নিঃ) হান্নান উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উত্তর আলগী এলাকার নতুন পল্লী বিদ্যুৎ অফিস থেকে রায়ের বাজারগামী সড়কের তিন রাস্তার মোড়ে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন।
এ সময় ঢাকা মেট্রো-গ-২৫-৯৮৮৮ নম্বরের একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটির পেছনের ডিকি থেকে কালো স্কচটেপে মোড়ানো পৃথক চারটি প্যাকেট পাওয়া যায়। দুটি প্লাস্টিকের বস্তায় রাখা এসব প্যাকেট থেকে সর্বমোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাসেল মিয়া বরগুনা সদর থানার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের সাহেবের হাওলা এলাকার গোলাম মোস্তফার ছেলে। বর্তমানে তিনি ঢাকার ভাষানটেক থানাধীন ক্যান্টনমেন্ট এলাকার একটি বাসায় বসবাস করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়। চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


