স্টাফ রির্পোটান:
মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত ইউপি সদস্য ও মাদকসহ ৯ মামলার আসামী ইউসুফ হাজরাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে মতলব দক্ষিণ থানা পুলিশ। ইউসুফ হাজরা এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাকে ওই ওয়ারেন্টের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক।
জানা গেছে, ইউসুফ হাজরা মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী যুবলীগের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এছাড়া ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড (আচলছিলা, দেলদিয়া, ধুলিয়াউরা) এর মেম্বার ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সে পলাতক রয়েছে। ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে তাকে ওই পরিষদের মেম্বার পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
১নং ওয়ার্ডের একাধিক ব্যক্তি জানান, সে বিগত আওয়ামী লীগ সরকার আমলে এলাকায় দলীয় প্রভাব বিস্তার করেছিল এবং বিএনপির নেতাকর্মীদের হুমকি-ধমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। এলাকায় প্রকাশ্যে মাদকের ব্যবসা করতো। ওই সময় তার বিরুদ্ধে মামলাও হয়েছে বেশ কয়েকটি। আওয়ামী লীগের প্রভাবের কারণে এবং তার একজন প্রভাবশালী গডফাদার ছিল উপজেলা পরিষদে। সে কারণে পুলিশ তাকে গ্রেফতার করতে সাহস পায়নি।
উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শহীদুল্লাহ্ প্রধান বলেন, ইউনিয়ন পরিষদের একাধিক সভায় অনুপস্থিত থাকার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, ইউসুফ হাজরার বিরুদ্ধে থানায় ৯টি মামলা রয়েছে। তন্মোধ্যে ৫টি মাদকের মামলা। একটি মামলায় ১ বছরের সাজা ও ওয়ারেন্ট ছিল। ওই ওয়ারেন্ট মূলে গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তাকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।


